উখিয়ায় বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। সংস্থাটির দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য দুই কোটি ৪০ লাখ টাকা।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং বিওপি থেকে প্রায় তিন কিলোমিটার পূর্ব-দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়। দুপুর ১টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা দূর থেকে তাদের চ্যালেঞ্জ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা হাতে থাকা কাপড়ে মোড়ানো তিনটি পোটলা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে থাকা নীল রঙের বায়ুরোধী মোড়কে রাখা ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম আরও জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থানে থেকে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।