ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙামাটিতে পিসিসিপি’র গোশত বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে রাঙামাটিতে কোরবানির গোশত বিতরণ কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনটির রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে কোরবানির গোশত বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে রাঙামাটি শহরের কাঁঠালতলী মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের সুবিধাবঞ্চিত নেতাকর্মী এবং স্থানীয় অসহায় পরিবারের সদস্যদের মাঝে মাথাপিছু দেড় কেজি করে কোরবানির গোশত বিতরণ করা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এবারের কর্মসূচির আওতায় অর্ধশতাধিক পরিবারের হাতে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম তাজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন এবং দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, “ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এই ঈদে সামর্থ্যবানরা কোরবানি দিলেও সমাজে এমন অনেকেই আছেন যারা কোরবানি দিতে পারেন না। ফলে ঈদের আনন্দ থেকেও তারা বঞ্চিত হন। মূলত সেইসব সুবিধাবঞ্চিত মানুষ ও আমাদের নেতাকর্মীদের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
তিনি আরও বলেন, পিসিসিপি শুধু রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনেই নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি অসহায় মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।
গোশত বিতরণ কর্মসূচিতে উপকারভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, ঈদের সময় এমন সহায়তা তাদের জন্য বড় প্রাপ্তি। অনেকেই বলেন, সংগঠনটির নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে তাদের খোঁজখবর নিচ্ছেন এবং বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে দেশের অসাম্প্রদায়িক চেতনা, সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রধান ভিত্তি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।