শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪ লাখ টাকার সিগারেট জব্দ, আটক ৩
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৩ লাখ ৯৬ হাজার টাকার বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
আজ সোমবার (১ জুন) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার রাত সাড়ে ৯টায় তিনজন যাত্রীর ব্যাগেজে ১ হাজার ২ কার্টন এবং একইসময়ে অ্যারাইভাল হলের লাগেজ বেল্টের ওপর থেকে মালিকবিহীন ৬৯৬ কার্টন সিগারেটের চালান উদ্ধার করা হয়।
অবৈধভাবে সিগারেট বহনে জড়িত থাকার অভিযোগে আটক ৩ যাত্রী হলেন— লক্ষ্মীপুরের রামগঞ্জের মো. মোস্তফা কামাল সুমন, হাটহাজারীর মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার ও রাঙ্গুনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার।
তিনি জানান, যাত্রীদের কাছ থেকে পাওয়া সিগারেট ডিপার্টমেন্ট অব মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয় যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে।
আটক ৩ যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখায় মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সসহ বিমানবন্দর কর্তৃপক্ষের (বেবিচক) সর্বোচ্চ নজরদারি চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।