বান্দরবানে ম্রো কমপ্লেক্সে পুকুর পুনর্খনন ও মাঠ সংস্কার কাজের উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত ম্রো কমপ্লেক্সে পুকুর পুনর্খনন ও মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু।
সোমবার (১ জুন) দুপুরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের আওতাধীন একটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মাঝেরপাড়া আবাসিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রকল্পের আওতায় বিদ্যালয়ের পুকুর পুনর্খননের পাশাপাশি খেলার মাঠ সংস্কার করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে যে সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করেছিলেন, ম্রো কমপ্লেক্স তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তিনি বলেন, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে পুকুর পুনর্খনন ও মাঠ সংস্কারের এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, মাঠ সংস্কারের ফলে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি পুকুর পুনর্খননের মাধ্যমে পানি সংরক্ষণের সুবিধা সৃষ্টি হবে, যা স্থানীয় জনগণেরও উপকারে আসবে।
সংসদ সদস্য সাচিং প্রু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনকে ধারণ করে পার্বত্য অঞ্চলের শিক্ষা, অবকাঠামো ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, যুগ্ম-সম্পাদক মজিবুর রশিদ, নাসির চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।