জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড’ পদকে ভূষিত বাংলাদেশের ৬ শাহাদাতবরণকারী শান্তিরক্ষী
![]()
নিউজ ডেস্ক
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ছয়জন বীর শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড’ পদকে ভূষিত করা হয়েছে।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সম্মাননা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরীর কাছে হস্তান্তর করেন।
সম্মাননাপ্রাপ্ত বীর শান্তিরক্ষীরা হলেন কর্পোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মোমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মন্ডল, মেস ওয়েটার মো. জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

জানা গেছে, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের কাদুগলি এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শত্রুপক্ষের ড্রোন হামলায় তারা শাহাদাতবরণ করেন। কর্তব্য পালনের সময় তাদের অসীম সাহস, পেশাদারিত্ব, দায়িত্বনিষ্ঠা ও আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে এই আত্মত্যাগী শান্তিরক্ষীদের স্মরণ করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের অবদান জাতির জন্য গৌরবের এবং ভবিষ্যৎ শান্তিরক্ষীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।