খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎপরতার অভিযোগ, গ্রেফতারে অভিযান
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তৎপরতা বৃদ্ধির অভিযোগ উঠেছে। পৃথক দুই ঘটনায় সদর উপজেলা ও গুইমারায় হামলা এবং ঝটিকা মিছিলের ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, “মারামারির একটি ঘটনার খবর পেয়েছি। তবে এটি রাজনৈতিক কারণে ঘটেছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে একই দিনে বিকেলে খাগড়াছড়ি-রাঙামাটি আঞ্চলিক সড়কের গুগড়াছড়ি বাজার এলাকায় একটি ঝটিকা মিছিল বের করার অভিযোগ ওঠে। স্থানীয়রা জানান, মিছিলটি অল্প সময়ের জন্য অনুষ্ঠিত হলেও তা নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, “ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনো ধরনের নাশকতামূলক বা বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।