ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ মির্জা ফখরুলের
![]()
নিউজ ডেস্ক
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সার্বিক উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও কল্যাণ নিশ্চিত করতে একটি পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর গুলশান-এ বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সভায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনগণ শুধু ভোট প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছে। এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে সংসদের উচ্চ কক্ষেও তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে সরকার কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সন্তানদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং স্বল্পসুদে ঋণপ্রাপ্তির ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে তাদের সার্বিক কল্যাণ ও উন্নয়ন কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে একটি পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।
সভায় বক্তব্যকালে বিজন কান্তি সরকার বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তিনি বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের নার্সিংসহ বিভিন্ন পেশাগত ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, সাংস্কৃতিক বিকাশ এবং রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দাবি ও প্রত্যাশা তুলে ধরেন। এ সময় তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সভা শেষে নেতৃবৃন্দ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনগণের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকার ও সংশ্লিষ্ট মহলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।