বিজিবির রামগড় ব্যাটালিয়নে নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম জোরদারে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রামগড় ব্যাটালিয়ন সদর দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম।
সভায় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন এলাকার হেডম্যান ও কারবারি, কাঠ ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা, জননিরাপত্তা, সামাজিক সম্প্রীতি এবং স্থানীয় উন্নয়ন সংক্রান্ত বিষয় তুলে ধরেন।

এসময় জোন অধিনায়ক এলাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, এলাকায় যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা, সন্দেহজনক কার্যক্রম কিংবা উদ্ভূত পরিস্থিতির বিষয়ে দ্রুত বিজিবিকে অবহিত করতে হবে। স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখা সম্ভব নয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম আরও বলেন, পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গুজব ও অপপ্রচার সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে উল্লেখ করে তিনি এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ব্যক্তিরা এলাকার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।