অসহায় ভাগ্য চাকমার চিকিৎসায় সহায়তার হাত বাড়ালো সেনাবাহিনীর লংগদু জোন

অসহায় ভাগ্য চাকমার চিকিৎসায় সহায়তার হাত বাড়ালো সেনাবাহিনীর লংগদু জোন

অসহায় ভাগ্য চাকমার চিকিৎসায় সহায়তার হাত বাড়ালো সেনাবাহিনীর লংগদু জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার করল্যাছড়ি এলাকার অসহায় বাসিন্দা ভাগ্য চাকমার চিকিৎসা নিশ্চিত করতে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দীর্ঘদিন ধরে চিকিৎসার অভাবে ভুগতে থাকা এ ব্যক্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে লংগদু জোন।

গত সোমবার (২২ জুন) সকাল ১১টায় করল্যাছড়ি আর্মি ক্যাম্পের আরপি পোস্টে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান হস্তান্তর করা হয়।

লংগদু জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ-এর পক্ষে করল্যাছড়ি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আওসাফ মুনতাসিম রহমান অসহায় ভাগ্য চাকমার হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।

এ সময় করল্যাছড়ি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. এলাহি বক্সসহ অন্যান্য সেনা সদস্য উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, করল্যাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বাসিন্দা ভাগ্য চাকমা জীবিকার তাগিদে কাঠ কাটার কাজ করতেন। এক পর্যায়ে কাজ করার সময় দা দিয়ে তার পায়ে গুরুতর আঘাত লাগে। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে ক্ষতস্থানে সংক্রমণ দেখা দেয় এবং তার পায়ের অবস্থা ক্রমশ জটিল হয়ে ওঠে। কিন্তু আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা গ্রহণ করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না।

বিষয়টি স্থানীয় সেনা সদস্যদের মাধ্যমে লংগদু জোনের নজরে এলে জোন অধিনায়ক তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুধু আর্থিক সহায়তাই নয়, ভাগ্য চাকমার চিকিৎসার বিষয়ে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে সেনাবাহিনী। জোন সদরে সেনাবাহিনীর মেডিকেল অফিসার তার পচনধরা পায়ের নিয়মিত ড্রেসিং করেছেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছেন। এছাড়াও চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে সার্বিক সহায়তা দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে ভাগ্য চাকমা ও তার পরিবারের সদস্যরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, সময়মতো এই সহায়তা না পেলে চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হতো না।

স্থানীয় বাসিন্দারাও সেনাবাহিনীর এ উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। তাদের মতে, দুর্গম পার্বত্য অঞ্চলে নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক দায়িত্ববোধেরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *