রাবার বাগান নিয়ে অভিযোগের ঘটনায় উন্নয়ন বোর্ডের প্রতিবাদ, সংশ্লিষ্টতার দাবি নাকচ
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিট-২–এর কর্মকর্তাদের বিরুদ্ধে চাষিদের সংবাদ সম্মেলনে উত্থাপিত দুর্নীতি ও হয়রানির অভিযোগের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
সোমবার (২৯ জুন) বোর্ডের জনসংযোগ কর্মকর্তা (প্রতিকল্প) কাইংওয়াই ম্রো স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পিন্টু চাকমা ও খন্দমনি চাকমার সঙ্গে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নেই। একই সঙ্গে ‘বান্দরবান ব্যবস্থাপনা ইউনিট-২’ নামে বোর্ডের কোনো প্রতিষ্ঠানও নেই বলে দাবি করা হয়। এ ধরনের সংবাদ সম্মেলনে উন্নয়ন বোর্ডের নাম জড়ানো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানানো হয়। বিষয়টি বান্দরবানের সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীকেও অবহিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রাবার বিক্রিতে অনিয়ম ও চাষিদের হয়রানির অভিযোগ পিন্টু চাকমা ও খন্দমনি চাকমার বিরুদ্ধে
এর আগে সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কুহালং ইউনিয়নের রাবার বাগানের উপকারভোগী চাষি, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও গ্রাম লিডাররা অভিযোগ করেন, পিন্টু চাকমা ও খন্দমনি চাকমা দীর্ঘদিন ধরে চাষিদের হয়রানি, ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং রাবার বিক্রয় ও অর্থ বণ্টনে স্বচ্ছতার অভাব সৃষ্টি করেছেন। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত চাষিদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও জমা দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।