টেকনাফ সীমান্তে মিয়ানমারে পাচারের সময় ৩৩ বস্তা সার ও দুটি নৌকা জব্দ
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩৩ বস্তা সার এবং দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতের মধ্যে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপির সদস্যরা পৃথক দুটি অভিযানে এসব সার ও নৌকা জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২টার দিকে দমদমিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল জাদিমুড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় নাফ নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হস্তচালিত কাঠের নৌকা এবং ১০ বস্তা সার জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর কিছুক্ষণ পর রাত ১২টা ২০ মিনিটের দিকে বিজিবি তথ্য পায়, চোরাকারবারিরা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সার মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে দমদমিয়া ওমরখাল সংলগ্ন কেওড়া বাগান এলাকায় মজুত করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে সেখানে দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কেওড়া বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি হস্তচালিত কাঠের নৌকা এবং ২৩ বস্তা সার উদ্ধার করা হয়।
পৃথক দুটি অভিযানে সর্বমোট ৩৩ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৯ হাজার ৩০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা সার ও হস্তচালিত কাঠের নৌকাগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।