১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি
![]()
জার্নাল প্রতিবেদক
আগামী ১৯ নভেম্বরকে কেন্দ্র করে কক্সবাজারে সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় মাঠে সক্রিয় রয়েছেন দলটির নেতাকর্মীরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত ও নাশকতা প্রতিরোধে বিশেষ প্রস্তুতি নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।
এদিকে ১৯ নভেম্বর ঘিরে উখিয়ায় তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা বিএনপি। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা। পাশাপাশি জেলা শহরসহ বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
কক্সবাজার জেলা বিএনপির জ্যেষ্ঠ দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, ১৯ নভেম্বর সকাল থেকে জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়সহ গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেবেন। জেলার প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে কাউকে সুযোগ দেওয়া হবে না। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবেন। নাশকতাকারীদের কোনো সুযোগ দেওয়া হবে না।’
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী জানান, সম্ভাব্য নাশকতা ও সহিংসতা মোকাবিলায় উখিয়ায় তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল থেকেই দলের নেতাকর্মীরা মাঠে অবস্থান নিয়েছেন।
তিনি বলেন, ‘আগামী তিন দিন আমরা জনগণের জানমাল ও নিরাপত্তার স্বার্থে সতর্ক অবস্থানে থাকব। উখিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ করা হবে।’
এদিকে আওয়ামী লীগের কথিত ‘আগুন সন্ত্রাস’ ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ ও সদস্যসচিব মোহাম্মদ সরওয়ার রোমনের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, সদস্যসচিব মোহাম্মদ সরওয়ার রোমনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, একটি মহল বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। পরিকল্পিতভাবে নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
তারা বলেন, ‘এ দেশ জনগণের। দেশের মানুষ শান্তি চায়, নিরাপদে বসবাস করতে চায়। জনগণের জানমাল ও দেশের শান্তি-শৃঙ্খলা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। বর্তমান সরকার দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু একটি মহল বিদেশে বসে দেশে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে।’
বক্তারা আরও বলেন, অতীতে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। সেই পরিস্থিতি আর ফিরে আসতে দেওয়া হবে না। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
অন্যদিকে ১৯ নভেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে কক্সবাজার জেলা পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান পিপিএম বলেন, ‘সব ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। সেই লক্ষ্যে জেলা পুলিশের বিশেষ প্রস্তুতি রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।’
১৯ নভেম্বরকে সামনে রেখে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ধারাবাহিক কর্মসূচি এবং পুলিশের বিশেষ প্রস্তুতির মধ্য দিয়ে কক্সবাজারে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। সম্ভাব্য সহিংসতা ও নাশকতা প্রতিরোধের পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।