বান্দরবানে বিজিবির উদ্ধার অভিযান, ১২২ পরিবারকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর
![]()
নিউজ ডেস্ক
টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বান্দরবানের ক্রাইক্ষংপাড়া এলাকার ১২২টি পরিবারকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত পরিবারগুলোর জন্য আশ্রয়, খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় মানবিক সহায়তাও নিশ্চিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিজিবি সেক্টর সদর দপ্তর, বান্দরবানের উদ্যোগে পরিচালিত এ উদ্ধার অভিযানে ক্রাইক্ষংপাড়া এলাকার বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রতিকূল আবহাওয়া এবং তীব্র স্রোত উপেক্ষা করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের শহীদ মোশাররফ বিজিবি স্কুল ও ক্রাইক্ষংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত থেকেই উদ্ধার অভিযান শুরু হয়। বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রুবায়াত জামিল-এর সরাসরি নেতৃত্বে বিজিবির সদস্যরা বান্দরবান শহরের পার্শ্ববর্তী বিভিন্ন পাড়ায় আটকে পড়া মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে আসেন। একই সঙ্গে আশ্রয় নেওয়া পরিবারগুলোর জন্য খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ, নিরাপদ আবাসন এবং অন্যান্য প্রয়োজনীয় মানবিক সহায়তার ব্যবস্থা করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের অন্যতম দায়িত্ব। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধসসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনা, নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, আকস্মিক বন্যা ও ভূমিধসে অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হতে বাধ্য হয়। এমন সংকটময় মুহূর্তে বিজিবির দ্রুত উদ্ধার অভিযান এবং সার্বিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।