বন্যার পানিতে মারা গেছে দেড় হাজার ব্রয়লার মুরগি, ক্ষতিগ্রস্ত খামার পরিদর্শনে সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে রাঙামাটির রাজস্থলী উপজেলার একটি পোল্ট্রি খামার প্লাবিত হয়ে প্রায় দেড় হাজার ব্রয়লার মুরগি মারা গেছে। এতে খামারের মালিক তরুণ উদ্যোক্তা সাদেক প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত খামার পরিদর্শন করে খামারির খোঁজখবর নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
স্থানীয় সূত্র ও খামার মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়া এলাকায় অবস্থিত ‘সাদেক পোল্ট্রি ফার্মে’ শুক্রবার গভীর রাতে আকস্মিক পাহাড়ি ঢলের পানি প্রবেশ করে। অল্প সময়ের মধ্যেই পুরো খামার পানিতে তলিয়ে যায়। এতে খামারে থাকা প্রায় ১ হাজার ৫০০টি ব্রয়লার মুরগি পানিতে ডুবে মারা যায়। প্রতিটি মুরগির গড় ওজন ছিল প্রায় ১ দশমিক ২ কেজি।
খামারের মালিক সাদেক জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার আশায় তিনি পোল্ট্রি খামার গড়ে তুলেছিলেন। কিন্তু আকস্মিক বন্যায় এক রাতের মধ্যেই তার দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ নষ্ট হয়ে গেছে। খামারের পাশাপাশি তার বসতবাড়িতেও পানি ঢুকে পড়ায় পরিবার নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে। তিনি ক্ষতি কাটিয়ে আবারও ব্যবসা শুরু করতে সরকারি সহায়তার দাবি জানান।
ঘটনার খবর পেয়ে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. এস. আরেফিন ক্ষতিগ্রস্ত খামারটি পরিদর্শন করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য শিমুল দাশ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত উদ্যোক্তার সঙ্গে কথা বলে তার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন।
স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাজস্থলীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের পুনর্বাসনে দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।