থানচিতে ভূমিধসে ক্ষতিগ্রস্ত সড়ক সচলে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা
![]()
নিউজ ডেস্ক
টানা ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যোগাযোগ বিঘ্নিত হওয়ার পর দ্রুত উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সড়কে জমে থাকা মাটি ও উপড়ে পড়া গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করতে দিনব্যাপী কাজ করছেন সেনাসদস্যরা।
শনিবার (১১ জুলাই) থানচি উপজেলার বান্দরবান–আলীকদম সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং ২৩ কিলোমিটার এলাকার সড়কে আংশিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সড়ক পরিষ্কার কার্যক্রম শুরু করেন। স্থানীয় পাড়াবাসীর সহযোগিতায় সড়কের ওপর জমে থাকা মাটি, পাথর এবং উপড়ে পড়া গাছপালা সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ পরিচালনা করা হয়।
বকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতা পাড়া সড়কে দ্রুত যান চলাচল পুনরুদ্ধারের লক্ষ্যে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (১৭ ইসিবি) সমন্বিতভাবে কাজ করছে। ভারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জনবল ব্যবহার করে ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সচল করার চেষ্টা চলছে।
এদিকে ২৩ কিলোমিটার এলাকার ঝুঁকিপূর্ণ অংশে যানবাহন চলাচল নিরাপদ রাখতে সেনাসদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। একই সঙ্গে বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথে সৃষ্ট ভূমিধস অপসারণ এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের কাজও চলমান রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যত দ্রুত সম্ভব সড়ক যোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক করা এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্যোগের সময় সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি ও কার্যকর পদক্ষেপের ফলে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।