বন্যাদুর্গত মানুষের পাশে মারিশ্যা জোন, ১৫০ পরিবারের মাঝে খাবার ও ২৫০ জনকে চিকিৎসাসেবা
![]()
নিউজ ডেস্ক
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আশ্রয়কেন্দ্রগুলোতে মানবিক সহায়তা নিয়ে পৌঁছেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মারিশ্যা জোন (২৭ বিজিবি)। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা প্রদান করছে বিজিবি।
মারিশ্যা জোন অধিনায়কের নেতৃত্বে পরিচালিত এ মানবিক কার্যক্রমে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ১৫০টি পরিবারের ৬ শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণে নারী, শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে সুশৃঙ্খলভাবে সহায়তা নিশ্চিত করা হয়।
একই সঙ্গে বিজিবির মেডিকেল টিম আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ২৫০ জন অসুস্থ বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়, যাতে বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করা সম্ভব হয়।

মারিশ্যা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বর্ডার গার্ড বাংলাদেশের অন্যতম দায়িত্ব। বন্যাকবলিত মানুষের খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও অন্যান্য প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিজিবি আরও জানিয়েছে, বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।