কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেললার কাপ্তাই উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ১৪০টি পরিবারের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।
রোববার (১২ জুলাই) বিকেলে কর্ণফুলী স্টেডিয়াম সংলগ্ন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম।
এ সময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণের আগে সেক্টর কমান্ডার ও কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক উপজেলার পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতি ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে খোঁজখবর নেন।
পরে কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে ১৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে জরুরি খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া ত্রাণ বিতরণ শেষে সেক্টর কমান্ডার কর্ণফুলী স্টেডিয়াম সংলগ্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের বাড়িতে গিয়ে সরাসরি তাদের হাতে ত্রাণ সহায়তা পৌঁছে দেন।
এ সময় সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম বলেন, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটি জেলার বহু পরিবার পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় মানবিক দায়িত্বের অংশ হিসেবে দুর্গত মানুষকে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং চিকিৎসাসেবা প্রদান করে আসছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।