বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, পানি নামলেও কাটেনি দুর্ভোগ
![]()
জার্নাল ডেস্ক
টানা কয়েক দিনের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পার্বত্য জেলা বান্দরবানের সার্বিক পরিস্থিতি। নদ-নদীর পানি কমতে শুরু করায় আশ্রয়কেন্দ্রে থাকা অনেক মানুষ নিজ নিজ বাড়িতে ফিরছেন। তবে পানি নেমে গেলেও শেষ হয়নি দুর্ভোগ। জেলার বিভিন্ন এলাকায় এখনও রয়ে গেছে বন্যার ক্ষতচিহ্ন, কাদা-আবর্জনা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এবং জীবিকা হারানো মানুষের দীর্ঘশ্বাস।
জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় জেলার প্রায় ৭০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১২ হাজার ৫০০ পরিবার। কৃষি, সড়ক যোগাযোগ, সেতু-কালভার্ট ও অন্যান্য অবকাঠামো খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, পৌরসভা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন ত্রাণ বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে দুর্গত এলাকার অনেক পরিবার এখনও ঘরবাড়ি পরিষ্কার করতে ব্যস্ত সময় পার করছে। কোথাও জমে থাকা কাদা, কোথাও ভেঙে পড়া বসতঘর, আবার কোথাও নষ্ট হয়ে যাওয়া আসবাবপত্র ও খাদ্যসামগ্রী নতুন করে সংকট তৈরি করেছে। অনেক পরিবার তাদের শেষ সম্বল হারিয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে সংগ্রাম করছে।
বিশুদ্ধ পানির সংকট এবং বন্যা-পরবর্তী পানিবাহিত রোগের আশঙ্কাও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে বিভিন্ন এলাকায় নিরাপদ পানি সরবরাহ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ এবং স্বাস্থ্যসেবা জোরদারে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
এদিকে বুধবার (১৫ জুলাই) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জেলার ভরাখালীসহ বন্যাকবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করবেন বলে জানা গেছে। পরে দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বান্দরবান সফরের কথা রয়েছে। সফরকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করবেন।
জেলা প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত পুনর্বাসন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি সহায়তা আরও জোরদার করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।