রাঙামাটির লংগদুতে শুরু হলো কৃষক তথ্য সংগ্রহ ও ‘কৃষক কার্ড’ বাস্তবায়ন কার্যক্রম
![]()
জার্নাল প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কৃষকবান্ধব কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির লংগদু উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কৃষক তথ্য সংগ্রহ ও ‘কৃষক কার্ড’ বাস্তবায়ন কার্যক্রম। আগামী ১ বৈশাখ (১৪ এপ্রিল) দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার সদর ব্লকের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
লংগদু উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাফিল হক, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া এবং রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি আবু নাসির।
এছাড়াও অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার প্রকৃত কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে কৃষকদের নামে ডিজিটাল কৃষক কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি প্রণোদনা, ভর্তুকি মূল্যে সার ও বীজ, কৃষি ঋণসহ কৃষি খাতের বিভিন্ন সরকারি সুবিধা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রহণ করতে পারবেন।
কৃষি বিভাগ জানায়, প্রথম পর্যায়ে লংগদু উপজেলার সদর ব্লকের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নের কৃষকদের এ কার্যক্রমের আওতায় আনা হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, কৃষকদের একটি নির্ভুল ডিজিটাল তথ্যভাণ্ডার গড়ে উঠলে সরকারি কৃষি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো সহজ হবে এবং কৃষি খাতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।