খাগড়াছড়ির মহালছড়িতে আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো জুলাই শহীদ দিবস
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহলাপ্রু চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মির্জা জহির, বন কর্মকর্তা মো. আশরাফুল আলম এবং মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন।
এছাড়া জুলাই যোদ্ধা মো. কামাল হোসেনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুবর্না দে শম্পুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, ত্রিপিটক পাঠ এবং গীতা পাঠ করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন জুলাই যোদ্ধা মো. কামাল উদ্দিন। তিনি জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. এরফানুল হক চৌধুরী বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। তাঁদের আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই শহীদদের অবদান চিরস্মরণীয়। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্যের বিকল্প নেই। তিনি উপজেলা প্রশাসনের প্রতি আইনশৃঙ্খলা-সংক্রান্ত প্রতিটি সভায় জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের সম্পৃক্ত করারও আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।