রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মির সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ- ইরাবতী
![]()
জার্নাল প্রতিবেদক
রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে মিয়ানমারের জান্তা সরকারের পাশাপাশি জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) সঙ্গেও আলোচনা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। দীর্ঘদিনের এ সংকট নিরসনে একটি জাতীয় কৌশল প্রণয়নের উদ্যোগের অংশ হিসেবে নেপিদো ও আরাকান আর্মি—উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা।
রোববার ঢাকায় আয়োজিত এক নীতিনির্ধারণী সংলাপে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানান। বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতীয় কৌশল প্রণয়নের জন্য সরকার একটি কমিটি গঠন করেছে। কমিটি মিয়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মি—উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন নিশ্চিত করতে শুধু প্রচলিত কূটনৈতিক চ্যানেলের ওপর নির্ভর করা বাস্তবসম্মত নয়।
তাঁর এ বক্তব্যের মধ্য দিয়ে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগের বিষয়টি প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করা হলো। ২০২৩ সালের শেষ দিক থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক সামরিক সাফল্যের মাধ্যমে আরাকান আর্মি বর্তমানে রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। একই সঙ্গে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের প্রায় পুরো এলাকাই এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
একই সংলাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন আরাকান আর্মির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সরাসরি অথবা মধ্যস্থতাকারীর মাধ্যমে সংগঠনটির সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, রোহিঙ্গা সংকটকে কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করা প্রয়োজন। কারণ, বাংলাদেশের সীমান্তসংলগ্ন রাখাইনে আরাকান আর্মি এখন প্রধান নিয়ন্ত্রণকারী শক্তি।
তিনি বলেন, “আমাদের কৌশলগতভাবে এগোতে হবে। শিগগিরই হোক বা দেরিতে, রাখাইন হয় একটি কনফেডারেটেড স্টেট অথবা এ ধরনের কোনো রাজনৈতিক কাঠামোয় পরিণত হবে। আমাদের অবশ্যই সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং সরাসরি কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে আরাকান আর্মির সঙ্গে আলোচনা করতে হবে।”
আরাকান আর্মির সামরিক ও ভৌগোলিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে সীমান্তের ওপারের নতুন বাস্তবতার সঙ্গে বাংলাদেশকেও সম্পর্ক ও নীতিগত অবস্থান সমন্বয় করতে হচ্ছে। সেন্টার ফর আরাকান স্টাডিজের তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও সীমান্ত অবকাঠামোর ওপর আরাকান আর্মির নিয়ন্ত্রণ মেনে নিয়ে সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ ধীরে ধীরে বাস্তবভিত্তিক অবস্থান গ্রহণ করছে।
রাখাইনে দীর্ঘদিনের সংঘাতের কারণে ব্যাহত হওয়া টেকনাফ-কানিনচং সীমান্তপথে চলতি বছরের শুরুর দিকে পুনরায় আন্তসীমান্ত বাণিজ্য শুরু হয়েছে। ব্যবসায়ীদের মতে, রাখাইনের সঙ্গে মিয়ানমারের অন্যান্য অঞ্চলের সড়ক ও নৌপথে যোগাযোগে জান্তা সরকারের অবরোধ থাকায় আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকার জনগোষ্ঠীর জন্য খাদ্য, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে বাংলাদেশ ও ভারত।
রোহিঙ্গা শরণার্থী সংকট এখনো বাংলাদেশের অন্যতম বড় উদ্বেগের বিষয়। বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। এদের অধিকাংশই ২০১৭ সালে রাখাইনের উত্তরাঞ্চলে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে। এরপর বাংলাদেশ ও মিয়ানমারের নেতৃত্বে একাধিকবার প্রত্যাবাসন উদ্যোগ নেওয়া হলেও সেগুলো কার্যকর কোনো ফল বয়ে আনতে পারেনি।
বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসনের যেকোনো পরিকল্পনা বাস্তবায়নে আরাকান আর্মির সহযোগিতা অপরিহার্য হয়ে উঠতে পারে। কারণ, শরণার্থীদের যেসব এলাকায় ফেরত যাওয়ার কথা, তার বড় অংশই বর্তমানে সংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
তবে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হলেও প্রত্যাবাসনের পথে বড় ধরনের প্রতিবন্ধকতা রয়ে গেছে। গত আগস্টে মিয়ানমারের জান্তা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশে অবস্থানরত প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করা হয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু হবে না বলে জানায় তারা। একই সঙ্গে জান্তা সরকার দাবি করে, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা প্রায় ৫ লাখ ৪০ হাজার।
অন্যদিকে, সাম্প্রতিক জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ১২ লাখ রোহিঙ্গাকে প্রত্যাবাসনে সহায়তার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ অবশ্য সতর্ক করে বলেছে, রাখাইনে চলমান সংঘাত ও জান্তা বাহিনীর বিমান হামলার কারণে এখনো শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি হয়নি।
-ইরাবতী।