`খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করবে সরকার, কৃষি ও মৎস্য খাতের ক্ষতিও পুষিয়ে দেওয়া হবে’
![]()
জার্নাল প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে সরকার রয়েছে। যেসব পরিবার ঘরবাড়ি হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য সরকারি উদ্যোগে ঘর নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং কৃষি ও মৎস্য খাতকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, জেলা প্রশাসক আনোয়ার সাদাতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে, জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেন, জুলাই কারও একক সম্পত্তি নয়। সকলের সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। তারেক রহমানের সরকার জুলাই আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঞাঁ এমপি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী এবং সুধীজন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।