রাবিপ্রবির সাবেক ভিসি ও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সাবেক উপাচার্য ও সাবেক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি এবং প্রকল্প বাস্তবায়নে আর্থিক অনিয়মের অভিযোগ এনে নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনে ‘সচেতন ছাত্র সমাজ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মতিন বাদশা। এ সময় ব্যবস্থাপনা বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী বাদশা সুলেমান এবং ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী জিমি রওশনসহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মতিন বাদশা অভিযোগ করেন, সাবেক উপাচার্য ড. আতিয়ার রহমানের দায়িত্বকালীন সময়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগে স্বজনপ্রীতি, রাজনৈতিক বিবেচনা এবং স্বচ্ছতা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব নিয়োগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানান তিনি।

এ সময় বাদশা সুলেমান অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রকল্প পরিচালক আবদুর গফুরকে জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ভুয়া ভাউচার ব্যবহার করে অর্থ উত্তোলনসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগও তুলে ধরেন তিনি।
শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উত্থাপিত সব অভিযোগ দ্রুত তদন্তের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় এসব অনিয়মের সুষ্ঠু বিচার নিশ্চিত হবে না এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে অভিযোগ তদন্তে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন ও সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে শিক্ষা মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
উল্লেখ্য, মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো শিক্ষার্থীদের দাবি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।