লামায় অপহরণের ১২ ঘণ্টার মধ্যেই উদ্ধার মোটরসাইকেল চালক
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের লামা উপজেলায় অপহরণের শিকার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক জিয়াউর রহমান (৫০)-কে স্থানীয়দের সাহসী উদ্যোগে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা প্রথমে তার পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। চালকের জীবন বাঁচাতে পরিবারের পক্ষ থেকে ৪০ হাজার টাকা পাঠানো হলেও তাকে মুক্তি না দিয়ে আরও অর্থের জন্য চাপ সৃষ্টি করা হয়। পরে স্থানীয় চালক ও এলাকাবাসীর সম্মিলিত তৎপরতায় তাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
বুধবার (২৯ জুলাই) কেয়াজুপাড়া সিএনজি-মোটরসাইকেল সমিতির সভাপতি জাবেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অভিযান চালিয়ে জিয়াউর রহমানকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া জিয়াউর রহমান লামা উপজেলার সরই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুলাংপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে জিয়াউর রহমান নিজের ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের কল করে জানান, অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি তাকে আটকে রেখে নির্যাতন করছে। পরে অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
চালকের জীবন রক্ষার জন্য তাৎক্ষণিকভাবে অপহরণকারীদের দেওয়া একটি বিকাশ নম্বরে ৪০ হাজার টাকা পাঠানো হয়। কিন্তু টাকা পাওয়ার পরও অপহরণকারীরা তাদের প্রতিশ্রুতি রক্ষা না করে জিয়াউর রহমানকে মুক্তি দেয়নি। বরং বাকি অর্থ আদায়ের জন্য পরিবারের ওপর আরও চাপ সৃষ্টি করতে থাকে।
ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে মোটরসাইকেল চালক, সিএনজি চালক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। পরিবারটি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করলে কেয়াজুপাড়া সিএনজি-মোটরসাইকেল সমিতির সভাপতি জাবেদের নেতৃত্বে স্থানীয় চালক ও সচেতন এলাকাবাসী সম্মিলিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
বুধবার তাদের যৌথ তৎপরতায় জিয়াউর রহমানকে অপহরণকারীদের কবল থেকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট সংগঠন ও এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অপহরণের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।