মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, যোদ্ধাদের সম্মাননা প্রদান
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান এবং শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সেনা জোনের ক্যাপ্টেন তাহমিদ সামিন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহ্লাপ্রু চৌধুরী এবং জুলাই যোদ্ধা মো. আব্দুল কাদের সিয়াম, মো. কামাল উদ্দিন, মো. সাজ্জাদ হোসেন শেকু ও মো. রুবেল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, ন্যায়বিচার, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এ আন্দোলনের ভূমিকা চিরস্মরণীয়। তারা নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরার পাশাপাশি দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা উপহার প্রদান করা হয়। অতিথিরা তাদের হাতে সম্মাননা তুলে দিয়ে সাহসিকতা, ত্যাগ ও দেশপ্রেমের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিকে, দিবসটি উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় মসজিদে যোহরের নামাজের পর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।