মাটিরাঙ্গায় জুলাই দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই দিবস।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক জামাল হোসেন, শিক্ষক জসিম উদ্দিন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জুলাই আন্দোলনের সমন্বয়ক মো. দিদার ও ছাত্র প্রতিনিধি আমির হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন এবং এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।
এর আগের দিন মঙ্গলবার একই ভেন্যুতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, জুলাই আন্দোলন কোনো একক গোষ্ঠীর আন্দোলন ছিল না; সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়েছিলেন। তিনি আবু সাঈদসহ জুলাইয়ের সকল শহীদকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জুলাইয়ের চেতনা দেশবাসীকে সাম্য, ন্যায়বিচার ও উন্নয়নের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং ছাত্র প্রতিনিধিরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।