কাগজপত্রের আড়ালে অবৈধ কাঠ পরিবহনের চেষ্টা, ৪০ ঘনফুট কাঠ আটক করল সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের উজানীপাড়া এলাকায় নদীপথে পরিবহনের সময় ৪০ ঘনফুট অবৈধ কাঠ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান জোন। আটক কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বান্দরবান পার্বত্য জেলার বনজ সম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে কাঠ আহরণ ও পরিবহন প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে গত ১০ আগস্ট নদীপথে পরিবহন করা একটি কাঠের চালান সন্দেহজনক মনে হয়। পরে উজানীপাড়া কাঠের ফিল্ডে চালানটি উত্তোলনের সময় তা আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কাঠ ব্যবসায়ী আব্দুল্লাহ আল আরমান কাগজপত্রের আড়ালে আনুমানিক ৪০ ঘনফুট কাঠ নদীপথে পরিবহনের চেষ্টা করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। বিষয়টি বান্দরবান জোনের নজরে এলে কাঠের চালানটি আটক করে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
পরে বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাঠের চালানের কাগজপত্র, কাঠের ধরন, পরিমাণ ও বৈধতা যাচাই করে। পরিমাপ ও যাচাই শেষে চালানটিতে মোট ৪০ ঘনফুট অবৈধ কাঠ শনাক্ত করা হয়। বন বিভাগের যাচাই অনুযায়ী, উদ্ধার করা কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

সেনাবাহিনী জানায়, কাগজপত্রের আড়ালে অবৈধ কাঠ পরিবহনের বিষয়টি প্রতীয়মান হওয়ায় বন বিভাগের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক বন ও বনজ সম্পদ রক্ষায় অবৈধভাবে কাঠ আহরণ ও পরিবহন বন্ধ করা জরুরি। বিশেষ করে নদীপথে কাঠ পরিবহনের ক্ষেত্রে নিয়মিত নজরদারি না থাকলে অবৈধ কাঠ পাচারের সুযোগ তৈরি হতে পারে।
বান্দরবানের প্রাকৃতিক বনজ সম্পদ রক্ষা, অবৈধ কাঠ আহরণ ও পাচার প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে বান্দরবান সদর জোনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।