উত্তরপ্রদেশে ভোটার তালিকা থেকে ১.২৭ কোটি হিন্দুকে তালিকাভুক্ত করার নির্দেশ যোগীর
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন, রাজ্যটির ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লাখ হিন্দুর নাম বাদ পড়েছে। এই পরিস্থিতিতে তিনি বিজেপির কর্মীদের ভোটার তালিকা নিবিড়ভাবে যাচাই করে যোগ্য হিন্দু ভোটারদের নাম নিবন্ধনে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা যাচাইয়ের কাজকে দলের অন্যতম প্রধান সাংগঠনিক দায়িত্ব হিসেবে ঘোষণা করেছেন যোগী। শুক্রবার তিনি বিজেপির কর্মীদের প্রতি বুথ পর্যায়ে প্রচারাভিযান শুরু করার আহ্বান জানান।
লখনউয়ে বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে দেওয়া বক্তব্যে যোগী বলেন, ভোটার তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে যে ভোটদানের যোগ্যতা থাকা সত্ত্বেও বিপুলসংখ্যক যোগ্য নাগরিকের নাম বিধানসভার ভোটার তালিকায় নেই।
তিনি বলেন, ভোটার তালিকা থেকে প্রায় ১ কোটি ২৭ লাখ হিন্দুর নাম বাদ পড়েছে। সুশৃঙ্খল প্রচারাভিযানের মাধ্যমে তাদের নাম তালিকায় যুক্ত করতে হবে।
চলতি বছরের শুরুতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের পর যেসব হিন্দু ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের চিহ্নিত করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যোগী। একইসঙ্গে তাদের নাম তালিকাভুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করতেও সহায়তা করতে বলেছেন তিনি।
ভোটার তালিকা থেকে এভাবে নাম বাদ পড়ার কারণে রাজ্যের ২৮টি নগর স্থানীয় সরকার আসনে বিজেপির জয়ের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন যোগী আদিত্যনাথ।
যোগী বলেন, এসআইআর কার্যক্রমের মাধ্যমে বেশ কিছু অসংগতি সামনে এসেছে। পঞ্চায়েতের ভোটার তালিকায় নাম রয়েছে, এমন অনেক মানুষের নাম বিধানসভার ভোটার তালিকায় নেই।
এই বিজেপি নেতা দাবি করেন, বর্তমানে উত্তরপ্রদেশে ভোটারের সংখ্যা প্রায় ১৩ কোটি হলেও প্রকৃতপক্ষে এই সংখ্যা ১৬ কোটির বেশি হওয়া উচিত।
এছাড়া ১৮ থেকে ১৯ বছর বয়সি প্রায় সাড়ে ৪ লাখ তরুণ-তরুণীর নামও ভোটার তালিকায় নেই বলে তিনি দাবি করেন।
ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি তিনি কর্মীদের বুথ পর্যায়ে বিজেপি সরকারের সাফল্যগুলো জোরালোভাবে প্রচার করার নির্দেশ দেন। একইসঙ্গে তৃণমূল পর্যায়ে জনসংযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে বিরোধীদের প্রচারণার জবাব দিতে এবং সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে দলের সম্পর্ক আরও জোরদার করতেও তিনি দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান।
ভারতের ভোটার তালিকা নিয়ে চলমান ব্যাপক রাজনৈতিক বিতর্কের মধ্যেই তালিকা সংশোধনের ওপর বিশেষ জোর দিলেন এই বিজেপি নেতা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।