সাজেকে ফের গোলাগুলি, কাল থেকে আবারও অবরোধ

সাজেকে ফের গোলাগুলি, কাল থেকে আবারও অবরোধ

সাজেকে ফের গোলাগুলি, কাল থেকে আবারও অবরোধ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙামাটির সাজেকে ফের সন্তু লারমার নেতৃত্বাধীন সশস্ত্র সংগঠন জেএসএস ও প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন অপর সশস্ত্র সংগঠন ইউপিডিএফ সন্ত্রাসীদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

রোববার (১ নভেম্বর) বিকাল ৪টা থেকে প্রায় ৫টা পর্যন্ত সাজেকের মাচালং ঝুরঝুরি ছড়ার লাঙ্গলমারা এলাকায় দুগ্রুপের মধ্যে গোলাগুলি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে দুর্গমতার কারণে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার ওই দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসব গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে, সাজেক পর্যটন সড়কে ইউপিডিএফ নিয়ন্ত্রিত সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন নামে স্থানীয় দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি রোববার সকাল-সন্ধ্যা শিথিল করলেও এদিন পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ব্যানারে খাগড়াছড়ির অপর একটি সংগঠন পালটা অবরোধ ডাকে। এ অবরোধের প্রভাবে দুটি সংগঠনের শিথিলতা তেমনটা কার্যকর হয়নি বলে জানা গেছে। ফলে কয়েকটি মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করলেও অন্য যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিল। তবে সোমবার থেকে আবারও ইউপিডিএফের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ চলবে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে রোববার বিকালে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। শনিবারও সাজেকের মাচলং এলাকার দুর্গম কলাবুনিয়া ও ভাঙামুড়া নামক এলাকায় এ দুটি গ্রুপের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য পরিচয় চাকমা জানান, সাজেকের ঝুরঝুরি ছড়া ও তার পাশে লাঙ্গলমারা সীমানা এলাকায় দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কে ভুগছেন।

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, বিকালে সাজেকের লাঙ্গলমারা এলাকায় দুই গ্রুপের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে বর্তমানে এ গোলাগুলি থেমে গেছে। তিনি আরও বলেন, খাগড়াছড়িতে একটি সংগঠনের ডাকা অবরোধের কারণে সাজেক সড়কে কয়েকটি হালকা যানবাহন চলাচল করলেও দিনের বেলায় ভারী যানবাহন চলাচল করেনি।

এদিকে পাঁচ দফা দাবিতে ইউপিডিএফের মদদপুষ্ট সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১১তম দিন রোববার সকাল-সন্ধ্যা শিথিল করলেও পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি নামে একটি শ্রমিক সংগঠনের ডাকা অবরোধের প্রভাবে শিথিলতা কার্যকর হয়নি।

তবে সংগঠন দুটির নেতা ও ইউপিডিএফের সাজেক অঞ্চলের সাবেক কালেক্টর ও বিচার বিভাগের প্রধান বাবুধন চাকমা জানিয়েছেন, সোমবার থেকে আগের মতো সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে চলতে থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *