রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
![]()
জার্নাল প্রতিবেদক
সামাজিক সম্প্রীতির বার্তা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাঙামাটিতে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শহরে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, রাঙামাটি সদর জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের আবির্ভাবের মূল বাণী ছিল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সমাজে সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করা। এই আদর্শকে ধারণ করে সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে রাঙামাটিতে জন্মাষ্টমীর এই আয়োজন আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনার একটি অনন্য প্রতিফলন। ধর্মীয় উৎসবগুলো পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উৎসবকে কেন্দ্র করে রাঙামাটি শহরে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।