বান্দরবানে আনন্দ-উৎসবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
![]()
জার্নাল প্রতিবেদক
আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শহরে আয়োজন করা হয় বর্ণাঢ্য মহাশোভাযাত্রা। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর ও যুবক-যুবতীরা অংশ নেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বান্দরবান রাজারমাঠ থেকে জন্মাষ্টমী উপলক্ষে মহাশোভাযাত্রাটি বের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং। পরে বেলুন উড়িয়ে তিনি শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শোভাযাত্রাটি রাজারমাঠ থেকে শুরু হয়ে বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উৎসব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন ধর্মীয় পতাকা ও ব্যানার। অনেকে শ্রীকৃষ্ণসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিকৃতি এবং ধর্মীয় সাজসজ্জায় সজ্জিত হয়ে এতে অংশ নেন।
শোভাযাত্রাকে ঘিরে বান্দরবান শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিশু-কিশোরদের পাশাপাশি বিভিন্ন বয়সী নারী ও পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহাশোভাযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবতা, ন্যায়, সত্য ও অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরেন। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করা হয়।

মহাশোভাযাত্রায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি বিপ্লব কান্তি দাশ, বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটল কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক অলক ধরসহ বিভিন্ন মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি পালনের আয়োজন করা হয়। উৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।