প্যাসিফিক প্রতিরক্ষা সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ, মার্কিন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
![]()
জার্নাল প্রতিবেদক
কানাডার ভিক্টোরিয়ায় অনুষ্ঠিত PACOM Chiefs of Defense Conference 2026-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে বাংলাদেশের সামরিক নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রতিরক্ষা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে।
সম্মেলনে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন। দুই দেশের সামরিক নেতৃত্বের এ যোগাযোগ পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা ও পেশাগত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

একই সম্মেলনে মার্কিন সিনিয়র এনলিস্টেড অ্যাডভাইজার ডেভিড আইসম বাংলাদেশের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জসিম উদ্দিনের সঙ্গে মতবিনিময় করেন। এতে সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়।
এদিকে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতিরক্ষা প্রধানদের নিয়ে আয়োজিত এ সম্মেলনে ন্যাটো মিলিটারি কমিটির চেয়ারম্যানও অংশ নেন। ফলে সম্মেলনটি শুধু যুক্তরাষ্ট্র ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সামরিক যোগাযোগের ক্ষেত্রেই নয়, ন্যাটো ও প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা সহযোগিতা এবং কৌশলগত সমন্বয়ের দিক থেকেও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

সম্মেলনে বাংলাদেশের সামরিক নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের একই প্ল্যাটফর্মে যোগাযোগকে ঢাকার ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক শক্তি ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতিরক্ষা নেতৃত্বের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ধরনের সম্মেলন আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক সামরিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখে। বাংলাদেশের অংশগ্রহণও আন্তর্জাতিক পরিসরে দেশটির সামরিক কূটনীতি ও প্রতিরক্ষা সহযোগিতার বিস্তৃত পরিসরের প্রতি গুরুত্বের বিষয়টি তুলে ধরে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।