খাগড়াছড়ির দীঘিনালায় উপজাতি সন্ত্রাসীদের গুলিতে নিহত ১ - Southeast Asia Journal

খাগড়াছড়ির দীঘিনালায় উপজাতি সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় মধ্যরাতে উপজাতি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত ও এক শিশু গুলিবিদ্ধ হয়ে আহতের খবর পাওয়া গেছে।

১৫ আগষ্ট শনিবার রাত দেড়টার দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের বাবুছড়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

সূত্র মতে, রাত আনুমানিক দেড়টার দিকে আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা বাবুছড়া গুচ্ছগ্রাম এলাকার আঃ মালেকের বসতবাড়ি লক্ষ্য করে ৩০-৪০ রাউন্ড এলোপাথাড়ি গুলিবর্ষন করে। এসময় সন্ত্রাসীদের গুলিতে আঃ মালেকের স্ত্রী মোর্শেদা বেগম (৪২) ও তার শিশু পুত্র মোঃ আহাদ (১১) গুলিবিদ্ধ হন। তাদেরকে দ্রুত স্থানীয়দের সহায়তায় রাতেই দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পুত্র আহাদকে চিকিৎসকরা শঙ্কামুক্ত ঘোষনা করলেও রাত সাড়ে ৩ টার দিকে মোর্শেদা বেগমকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (উত্তম চন্দ্র দেব) জানিয়েছেন, নিহতের লাশ বর্তমানে দীঘিনালা থানায় রয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে তাৎক্ষনিক প্রতিবাদ ও বিচারের দাবিতে দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, দীঘিনালা শাখার নেতা-কর্মীরা।

এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)কে সন্দেহ করছে স্থানীয় গুচ্ছগ্রামবাসী। এছাড়া এ ঘটনায় দোষীদের আইনের আওতায় এসে শাস্তি নিশ্চিতের দাবী জানায় স্থানীয়রা।

উল্লেখ্য, নিহত মোর্শেদা বেগমের স্বামী আঃ মালেক দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের সোনামিয়া টিলায় উপজাতিদের দ্বারা দখলকৃত বাঙ্গালীদের ৮১২ পরিবারের ভূমি রক্ষা কমিটির সভাপতি।