জিপিএমএস সরকারি প্রচার কার্যক্রম ও গণযোগাযোগকে আরও বেগবান করবে: মহাপরিচালক
![]()
জার্নাল প্রতিবেদক
সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) সরকারের জনমুখী প্রচার কার্যক্রম তথা গণযোগাযোগকে আরও বেগবান করবে বলে মন্তব্য করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক এস এম আব্দুর রহমান। তিনি বলেন, নতুন এ মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি জনসেবার মানও উন্নত করা সম্ভব হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ির উদ্যানতত্ত্ব বিভাগের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী ‘জিপিএমএস কর্মপরিকল্পনা অবহিতকরণ’ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম আব্দুর রহমান বলেন, গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমে কতটি উঠান বৈঠক, কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শনী কিংবা গণসংলাপ আয়োজন করা হয়েছে, শুধু সেই সংখ্যা দিয়ে কার্যক্রমের সফলতা মূল্যায়ন করা হবে না। এসব কার্যক্রমের মাধ্যমে কতজন মানুষের কাছে উন্নয়নবার্তা পৌঁছেছে, তাঁরা কতটুকু তা গ্রহণ করেছেন এবং এর মাধ্যমে কী ধরনের ফলাফল অর্জিত হয়েছে—এসব বিষয়ও জিপিএমএসের আওতায় মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, জিপিএমএসের আওতায় তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এর ফলে সরকারি প্রতিষ্ঠানগুলো আরও পরিকল্পিত, সুনির্দিষ্ট ও ফলাফলভিত্তিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। একই সঙ্গে নির্ধারিত লক্ষ্য অনুযায়ী কাজের অগ্রগতি পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন ময়মনসিংহ তথ্য অফিসের পরিচালক মীর আকরাম।
কর্মশালায় রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের পাশাপাশি গণযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। দুই দিনের এ কর্মশালায় জিপিএমএস কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও অগ্রগতি মূল্যায়নসহ নির্ধারিত নির্দেশিকার আলোকে কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে সরকারি প্রচার কার্যক্রমকে আরও পরিকল্পিত, কার্যকর ও জনসম্পৃক্ত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।