এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান
![]()
জার্নাল প্রতিবেদক
চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৬ সেপ্টেম্বর) তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন সেনাবাহিনী প্রধান।
এশিয়ার অন্যতম বৃহৎ ক্রীড়া আসর এশিয়ান গেমসকে সামনে রেখে তাঁর এ সফরে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের প্রতিনিধিত্বের পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে বাংলাদেশি অ্যাথলেটদের ক্রীড়া কার্যক্রম ও প্রতিযোগিতা পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে এশিয়ান গেমস ও বিভিন্ন অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
এসব বৈঠকে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে পারস্পরিক সহযোগিতা, ক্রীড়া উন্নয়ন এবং বাংলাদেশ ও সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সেনাবাহিনী প্রধানের এ সফর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব পালনের অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পর্যায়ের এ ধরনের ক্রীড়া আসরে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি বিভিন্ন দেশের ক্রীড়া সংগঠন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের জন্য নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির সুযোগ রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।