সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
![]()
জার্নাল প্রতিবেদক
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একের পর এক হামলায় লোহিত সাগরের তীরবর্তী সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে চাপ তৈরি হয়েছে।
হামলার আশঙ্কায় এবার এসব স্থাপনার নিরাপত্তা জোরদার করতে সৌদি আরবে সেনা ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠাবে বলে জানিয়েছে ফ্রান্স।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফ্রান্সের টেলিভিশন চ্যানেল টিএফ১ ও ফ্রান্স ২কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে আলোচনার পর ইয়ানবুর জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর বিষয়ে চুক্তি হয়েছে। এ উদ্যোগের লক্ষ্য কোনো সংঘাতে জড়ানো নয়। বরং হামলা থেকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখা।
এসময় পরিস্থিতি অনুযায়ী পরে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
ম্যাক্রোঁ বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং ফ্রান্সে গ্যাসের দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবেও এ উদ্যোগ নেওয়া হয়েছে। হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেল ও গ্যাস পরিবহনে নতুন চাপ তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে লোহিত সাগরের তীরে সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে, সম্প্রতি হুথিরা সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এতে লোহিত সাগরের বন্দর দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইয়ানবু সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি ও জ্বালানি স্থাপনাগুলোর অন্যতম কেন্দ্র।
এর মধ্যেই গত বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়ানবু ও তায়েফের দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। একই দিন সৌদি কর্তৃপক্ষ দেশটির বিভিন্ন শহরে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতা জারি করে।
ইয়েমেনে এক দশকেরও বেশি সময় ধরে হুথিদের সঙ্গে সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সংঘাত চলছে। ২০২২ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার পর আবারও সংঘাত শুরু হয়েছে। নতুন করে শুরু হওয়া এ লড়াইয়ে সৌদি আরব শত শত হামলা চালিয়েছে বলে অভিযোগ হুথিদের।
চলতি মাসের শুরুতে সৌদি আরব-সমর্থিত সরকারের কাছ থেকে কৌশলগত বন্দর মোকা দখল করে নেয় হুথিরা।
ফলে, ইয়েমেনের পশ্চিম উপকূল এবং লোহিত সাগর থেকে এডেন উপসাগরে যাওয়ার গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বেড়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় সৌদি আরব তেল পরিবহনের জন্য এ পথের ওপরও নির্ভর করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।