ত্রিপুরায় পৃথক অভিযানে ১ কোটি ২৬ লাখ রুপির মাদক জব্দ, আটক ৪
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের ত্রিপুরায় পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি ২৬ লাখ রুপি মূল্যের সন্দেহভাজন মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। এর মধ্যে রাজধানী আগরতলায় একটি পরিত্যক্ত গাড়ি থেকে প্রায় ১৯৩ কেজি গাঁজা এবং ঊনকোটি জেলার কুমারঘাটে একটি গাড়ি থেকে প্রায় ৩০ লাখ রুপি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাতে আগরতলার কর্নেল চৌমুহনী এলাকায় নিয়মিত রাতের টহলের সময় একটি সন্দেহজনক গাড়িকে থামার সংকেত দেয় পুলিশ। তবে গাড়িটির চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পশ্চিম আগরতলা থানার পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে চালক একটি সরু গলিতে গাড়িটি ফেলে পায়ে হেঁটে পালিয়ে যান।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক দলের উপস্থিতিতে পরিত্যক্ত গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় একাধিক প্যাকেটে রাখা প্রায় ১৯৩ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করা হয়। পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জিত সেন জানান, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬ লাখ রুপি। গাড়িটিও জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ঊনকোটি জেলার কুমারঘাটে মাদকদ্রব্য পাচারের সন্দেহে চারজনকে আটক করে পুলিশ। ম্যাজিস্ট্রেট ও অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে একটি গাড়িতে অবৈধ মাদকদ্রব্য লুকিয়ে রাখার বিষয়ে তারা তথ্য দেয় বলে পুলিশের দাবি।
পরে ওই তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ লাখ রুপি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রী বর্তমানে তদন্তের অংশ হিসেবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, পৃথক দুটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৬ লাখ রুপি। এসব মাদকের উৎস, কোথায় নেওয়া হচ্ছিল এবং কথিত পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।