বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
![]()
জার্নাল প্রতিবেদক
সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, অগ্নিনিরাপত্তা ও প্রতিমা বিসর্জনসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার (৭ অক্টোবর) বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলা ও উপজেলার শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। এ সময় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, বান্দরবান সেনা রিজিয়নের মেজর পারভেজ রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট অরূপ রতন পাল, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাস, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দাশসহ জেলার সাত উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক। তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।
জেলা প্রশাসক সরকারি নির্দেশনা ও নির্ধারিত নিয়ম মেনে পূজা উদযাপনের জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পূজামণ্ডপ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়।
সভায় দশমীর দিন বিকেল ৫টার মধ্যে সব প্রতিমা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে বিসর্জন সম্পন্ন করার আহ্বান জানানো হয়। এ ছাড়া পূজার সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি পূজামণ্ডপের জন্য অনুদান, গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বরসংবলিত প্ল্যাকার্ড, নিরাপত্তার জন্য একটি করে অগ্নিনির্বাপক যন্ত্র এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ডাস্টবিন প্রদান করা হয়।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা কমিটিগুলোর সমন্বিত প্রস্তুতির ফলে উৎসবের পরিবেশ আরও নিরাপদ ও সুশৃঙ্খল হবে। তারা পূজা চলাকালে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি যেকোনো সমস্যা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর বিষয়ে একমত পোষণ করেন।
প্রসঙ্গত, আগামী ১৬ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। এ বছর বান্দরবানের সাতটি উপজেলায় মোট ৩৩টি পূজামণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।