মহালছড়িতে ২০২তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্স শুরু
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘২০২তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্স’। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বাংলাদেশ স্কাউটসের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় এবং জাতীয় সদর দফতরের পরিচালনায় আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। তিনি আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ চাকমাসহ বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্কাউটাররা উপস্থিত ছিলেন।
চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন এলটি স্কাউটার জসীম উদ্দিন। কোর্স স্টাফ ও বিশেষ অতিথি হিসেবে রয়েছেন স্কাউটার বিজন কুমার দে, এলটি; স্কাউটার ইমাম উদ্দিন, এলটি; স্কাউটার নির্মল চাকমা, এলটি; স্কাউটার এ.কে.এম জাহাঙ্গীর হোসেন, এলটি; স্কাউটার রূপাঞ্জলী ধর, এলটি; স্কাউটার সৈয়দা ফেরদৌস সুলতানা, এলটি; স্কাউটার হৃদিপট চাকমা, এলটি; স্কাউটার লিটন বড়ুয়া, উডব্যাজার এবং স্কাউটার আলহাজ্ব এম মজিবুর রহমান, উডব্যাজার।
আয়োজকেরা জানান, কাব স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করার পাশাপাশি ইউনিট লিডারদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কাব স্কাউট পরিচালনা, নেতৃত্ব, শৃঙ্খলা, দলীয় কার্যক্রম এবং শিশুদের উপযোগী স্কাউটিং কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। বাংলাদেশ স্কাউটসের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১১ অক্টোবর পর্যন্ত চলবে।
আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী ইউনিট লিডারদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কাব স্কাউট কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।