পানছড়িতে কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শুরু
![]()
‘সুন্দর চরিত্র ও উন্নত জাতি গঠনের জন্যই স্কাউটিং’
জার্নাল প্রতিবেদক
‘সুন্দর চরিত্র ও উন্নত জাতি গঠনের জন্যই স্কাউটিং’—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে শুরু হয়েছে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও ২য় উপজেলা স্কাউট সমাবেশ-২০২৬।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটসের পানছড়ি উপজেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়। আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় আঞ্চল পরিদর্শক প্রধান এ এইচ এম মহসিন, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীসহ স্কাউট নেতা, শিক্ষক, কাব সদস্য ও স্কাউটরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিং শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল, সুশৃঙ্খল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

তিন দিনের এ আয়োজনে কাব ও স্কাউটদের জন্য তাঁবু স্থাপন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন শিক্ষামূলক, সৃজনশীল ও দলীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসব কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে জানান আয়োজকেরা।
আয়োজকেরা জানান, কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের মাধ্যমে শিশু-কিশোরদের নিয়মতান্ত্রিক জীবনযাপন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা হচ্ছে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।