দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
![]()
জার্নাল প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা হতে পারে বলে সতর্ক করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি বলেছেন, কেউ গুজবে কান দেবেন না। সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান জেলা পরিষদ অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্গাপূজা ঘিরে দেশে নাশকতার আশঙ্কা নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, উৎসবকে কেন্দ্র করে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করতে পারে। এসব গুজবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোনো তথ্য যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকতে হবে।
পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্য তুলে ধরে তিনি বলেন, পার্বত্য জেলা রংধনুর মতো সুন্দর। এ অঞ্চলের কৃষ্টি, ইতিহাস ও বৈচিত্র্য সবার মধ্যে নতুনত্বের অনুভূতি জাগায়। ভিন্ন ভিন্ন ভাষাভাষী মানুষ ও নানা জাতিগোষ্ঠীর মানুষের সুন্দর সংমিশ্রণ বান্দরবানকে অনন্য বৈশিষ্ট্য দিয়েছে।
এবারের দুর্গাপূজা আরও আনন্দদায়ক করতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রেখেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ শ্রম ও ত্যাগ স্বীকার করে কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে বান্দরবানের ৩৩টি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ্ মাম্যাচিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর, কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাসসহ পার্বত্য জেলা পরিষদের সদস্য, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত সনাতন ধর্মাবলম্বী নেতারা।
অনুদান বিতরণ ও সম্প্রীতির বার্তা দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন এবং বান্দরবানের সাম্প্রদায়িক সৌহার্দ্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।