পানছড়িতে চেঙ্গী নদীর ভাঙনে হুমকিতে ১০ পরিবার, ঝুঁকিতে কেন্দ্রীয় মসজিদের জায়গাও

পানছড়িতে চেঙ্গী নদীর ভাঙনে হুমকিতে ১০ পরিবার, ঝুঁকিতে কেন্দ্রীয় মসজিদের জায়গাও

পানছড়িতে চেঙ্গী নদীর ভাঙনে হুমকিতে ১০ পরিবার, ঝুঁকিতে কেন্দ্রীয় মসজিদের জায়গাও
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকিতে পড়েছে লোগাং বাজার চর এলাকার অন্তত ১০টি পরিবার। নদী ক্রমেই বসতভিটার দিকে এগিয়ে আসায় ঘরবাড়ি ও শেষ সম্বল হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শুধু বসতবাড়িই নয়, নদীভাঙনের হুমকিতে রয়েছে লোগাং বাজার কেন্দ্রীয় মসজিদের জন্য নির্ধারিত ২০ শতাংশ জায়গাও। দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে আরও কয়েকটি পরিবারকে ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লোগাং বাজারের চর এলাকায় চেঙ্গী নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে নদীভাঙনে বসতভিটা ও জমিজমা হারিয়ে ৫-৬টি পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। বর্তমানে আরও অন্তত ১০টি পরিবার ভাঙনের সরাসরি ঝুঁকিতে রয়েছে। নদীর পানি ও স্রোতের কারণে প্রতিনিয়ত ভাঙছে নদীতীরবর্তী জমি। এতে বসতবাড়ির পাশাপাশি ফসলি জমিও নদীগর্ভে বিলীন হচ্ছে।

মসজিদের জায়গা নিয়েও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। লোগাং বাজার কেন্দ্রীয় মসজিদের জন্য নির্ধারিত ২০ শতাংশ জায়গা নদীভাঙনের ঝুঁকিতে পড়ায় আশঙ্কা প্রকাশ করেছেন মাদ্রাসাশিক্ষক আবদুল কাদের। তিনি বলেন, “মসজিদের জন্য নির্ধারিত জায়গাটি নদীভাঙনের হুমকিতে রয়েছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে জায়গাটি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।”

স্থানীয় ব্যবসায়ী মো. শাহিন আলম বলেন, “বিগত বছরগুলোতে নদীভাঙনের কবলে পড়ে ৫-৬টি পরিবার নিঃস্ব হয়ে অন্যত্র পাড়ি জমিয়েছে। বর্তমানে আরও বেশ কয়েকটি পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত সরকারি সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে অনেক পরিবারকে বসতভিটা হারিয়ে পথে বসতে হবে।”

পানছড়িতে চেঙ্গী নদীর ভাঙনে হুমকিতে ১০ পরিবার, ঝুঁকিতে কেন্দ্রীয় মসজিদের জায়গাও

নদীভাঙনের আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দা মালেকা বেগমেরও। একমাত্র মেয়ে রুমি আক্তারকে নিয়ে বসবাস করা মালেকা বেগম বলেন, “নদী যেভাবে ভাঙছে, তাতে কখন যে বসতভিটা নদীগর্ভে চলে যায়, সেই আতঙ্কে দিন কাটছে। আমাদের মতো অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কেউ নেই।”

স্থানীয়দের দাবি, চেঙ্গী নদী ও তারাবন ছড়ার সংযোগস্থলে পাহাড়ি ঢলের পানি সরাসরি চর এলাকায় আঘাত হানায় ভাঙনের তীব্রতা আরও বাড়ছে। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের প্রবল স্রোত নদীতীরে আঘাত হেনে মাটি ধসিয়ে নিচ্ছে। বছরের পর বছর ধরে এ পরিস্থিতি চললেও এখন পর্যন্ত স্থায়ী কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। ফলে প্রতিবার বর্ষা মৌসুম এলেই নতুন করে ভাঙনের আশঙ্কায় থাকতে হয় নদীতীরবর্তী পরিবারগুলোকে।

এ বিষয়ে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন বলেন, “আমি এ বিষয়ে অবগত ছিলাম না। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেব।”

স্থানীয় বাসিন্দারা বলছেন, নদীভাঙন এখন তাঁদের জন্য শুধু বসতভিটা হারানোর আশঙ্কা নয়, বরং দীর্ঘদিনের বসবাস, জীবিকা ও সামাজিক স্থিতিশীলতার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাঁদের দাবি, ভাঙনপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করে টেকসই বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে। দ্রুত উদ্যোগ না নিলে অদূর ভবিষ্যতে আরও পরিবার বসতভিটা, ফসলি জমি ও শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়তে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *