পানছড়িতে ১১ মণ্ডপে দুর্গাপূজা, ড্রোনসহ চার স্তরের নিরাপত্তা

পানছড়িতে ১১ মণ্ডপে দুর্গাপূজা, ড্রোনসহ চার স্তরের নিরাপত্তা

পানছড়িতে ১১ মণ্ডপে দুর্গাপূজা, ড্রোনসহ চার স্তরের নিরাপত্তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

বিজিবির বিশেষ নজরদারি, সাঁওতালদের ‘দাসাই’ নাচে উৎসবের বাড়তি আমেজ

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর উপজেলার ১১টি পূজামণ্ডপে চলছে দেবীর আরাধনা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে জনপদ। পূজাকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে চলছে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের আনাগোনা। উৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, আনসার-ভিডিপি ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে চার স্তরের নিরাপত্তার পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ নজরদারি এবং ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় এ বছর পূজার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। সরকারি আর্থিক সহায়তার পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। মণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, টহল জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

এদিকে পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গোৎসব নির্বিঘ্ন করতে বিশেষ নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে নিয়মিত ও বিশেষ টহলের পাশাপাশি পূজামণ্ডপগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। বিজিবি সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নিচ্ছেন। এর আগে স্থানীয় পর্যায়ে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা এবং দুর্গোৎসব উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে ৩ বিজিবির পক্ষ থেকে পানছড়ি ও লোগাং এলাকার ছয়টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়। অনুদানপ্রাপ্ত মণ্ডপগুলো হলো পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয়, আদি ত্রিপুরা পাড়া মন্দির, সাঁওতাল পাড়া লোকনাথ সেবাশ্রম, লোগাং হেডম্যান পাড়া দুর্গামন্দির, লোগাং বাজার বিগ্রহ মন্দির ও অষ্টমঙ্গলা শিব মন্দির।

এ বছরের দুর্গাপূজায় পানছড়িতে বাড়তি আকর্ষণ যোগ করেছে বড় সাঁওতালপাড়ার সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দাসাই’ নাচ। ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্র নিয়ে সাঁওতাল তরুণেরা বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে ঘুরে এ নাচ পরিবেশন করছেন। তাঁদের পরিবেশনায় পূজামণ্ডপগুলোতে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। ধর্মীয় উৎসবকে ঘিরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনা স্থানীয়ভাবে সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহ তৈরি করেছে।

আয়োজকেরা জানান, ‘দাসাই’ নাচ পরিবেশনের মাধ্যমে পাওয়া উপহারসামগ্রী দিয়ে বিজয়া দশমীর পর সর্বজনীন খিচুড়ি উৎসবের আয়োজন করা হবে। এতে স্থানীয়দের অংশগ্রহণে উৎসবের আনন্দ আরও ছড়িয়ে পড়বে বলে আশা করছেন তাঁরা।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাসহ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। পূজারিরা যাতে নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বছর পানছড়ি উপজেলার ১১টি পূজামণ্ডপ হলো—পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয়, আদি ত্রিপুরা কালিমন্দির, সাঁওতালপাড়া লোকনাথ সেবাশ্রম দুর্গামন্দির, কুড়াদিয়াছড়া দুর্গা শ্রীশ্রী মন্দির, লোগাং বাজার অষ্টমঙ্গলা দুর্গামন্দির, বাউরাপাড়া দুর্গামন্দির, বৈশাখ কুমারপাড়া শ্রীশ্রী দুর্গামন্দির, বাঁশপাড়া দেবালয় মন্দির, মরাটিলা সার্বজনীন শিবমন্দির, লোগাং বাজার বিগ্রহ কালীমন্দির এবং লোগাং হেডম্যানপাড়া দুর্গামন্দির।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, প্রশাসন ও বিজিবির বিশেষ নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ভক্তরা স্বস্তির সঙ্গে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন। নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় পূজামণ্ডপগুলোতে উৎসবের পরিবেশ বজায় রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *