মাইগভ প্ল্যাটফর্মে যুক্ত হলো সব ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা

মাইগভ প্ল্যাটফর্মে যুক্ত হলো সব ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা

মাইগভ প্ল্যাটফর্মে যুক্ত হলো সব ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সব ক্যান্টনমেন্ট বোর্ডের সেবা মাইগভ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে নাগরিকেরা ঘরে বসেই অনলাইনে আবেদন, প্রযোজ্য ক্ষেত্রে সেবা ফি পরিশোধ এবং কিউআর কোড সংবলিত সনদ গ্রহণ করতে পারবেন।

সোমবার (১৯ অক্টোবর) সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের কথা জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রচলিত ব্যবস্থায় নাগরিক সেবা পেতে আবেদনকারীদের ক্যান্টনমেন্ট বোর্ড কার্যালয়ে সশরীরে উপস্থিত হতে হতো। আবেদন জমা, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল, ফি পরিশোধ ও সনদ সংগ্রহসহ অধিকাংশ কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন হওয়ায় একই সেবার জন্য একাধিকবার যাতায়াত করতে হতো। এতে নাগরিকদের সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হতো।

এ পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে প্রাথমিকভাবে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের দুটি নাগরিক সেবা মাইগভ প্ল্যাটফর্মে যুক্ত করে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। পাইলট কার্যক্রম সফল হওয়ার পর বাকি ১৪টি ক্যান্টনমেন্ট বোর্ডের সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়।

এর ধারাবাহিকতায় ২০২৬ সালের মার্চ মাসে তিনটি সেবা বিশ্লেষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট ১৪টি ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। কর্মশালায় ৬৩ ধরনের নাগরিক সেবা পর্যালোচনা ও বিশ্লেষণ করে ডিজিটালাইজেশনের জন্য ১৯টি মৌলিক সেবা চিহ্নিত করা হয়। এসব সেবার আওতায় বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য ১৮৫টি অনলাইন আবেদন ফর্ম তৈরি করা হয়।

পরবর্তী সময়ে ২০২৬ সালের জুন ও জুলাই মাসে সাতটি অঞ্চলভিত্তিক যাচাই কর্মশালার মাধ্যমে অনলাইন আবেদন ফর্ম, সেবা ফি, সেবা প্রদানের কার্যপ্রবাহ ও টেমপ্লেট যাচাই করে চূড়ান্ত করা হয়। আগস্ট ও সেপ্টেম্বর মাসে সব ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারসহ মোট ১৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে সেবা ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনার প্রস্তুতি সম্পন্ন হয়।

বর্তমানে ১৯টি মৌলিক সেবার বিপরীতে তৈরি ১৮৫টি অনলাইন আবেদন ফর্ম মাইগভ প্ল্যাটফর্মে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। নাগরিকেরা এখন অনলাইনে আবেদন করার পাশাপাশি আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সেবা সম্পর্কে মতামত জানাতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে ফি পরিশোধ করে কিউআর কোড সংবলিত সনদ বা সেবাও গ্রহণ করা যাবে।

অন্যদিকে, ক্যান্টনমেন্ট বোর্ডগুলো একই প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ, যাচাই, তদন্ত, প্রক্রিয়াকরণ ও চূড়ান্ত নিষ্পত্তি করতে পারবে। এর ফলে দাপ্তরিক কার্যক্রমে গতি বাড়ানো, কাগজনির্ভরতা কমানো এবং সেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি জোরদারের সুযোগ তৈরি হবে।

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের এ উদ্যোগের মাধ্যমে ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবায় ডিজিটাল রূপান্তর আরও বিস্তৃত হলো। সংশ্লিষ্টদের প্রত্যাশা, অনলাইনভিত্তিক এ ব্যবস্থার ফলে নাগরিকদের সময়, ব্যয় ও ভোগান্তি কমবে এবং সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed