পিতার সম্মতি ছাড়া অপ্রাপ্তবয়স্ক চাকমা কিশোরীকে জোরপূর্বক বাল্যবিয়ে দিলো ইউপিডিএফ!
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির দীঘিনালায় জুম্ম ফিল্ম অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জ্ঞান কৃত্তি চাকমার ১৬ বছর বয়সী মেয়ে রাশিয়া চাকমাকে অপহরণের পর জোরপূর্বক বাল্যবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সশস্ত্রগোষ্ঠী ইউপিডিএফের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পরিবারের পক্ষ থেকে।
পরিবারের দাবি, গত তিন দিন ধরে নিখোঁজ থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর মাধ্যমে রাশিয়ার বিয়ের বিষয়টি জানতে পারেন তাঁর স্বজনেরা। এ ঘটনায় উদ্বিগ্ন বাবা জ্ঞান কৃত্তি চাকমা দীঘিনালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।
পরিবারের অভিযোগ, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রেটকাটা দোর এলাকার বাসিন্দা রবীন্দ্র চাকমার ছেলে সন্তোষ চাকমা ওরফে কালাচানের সঙ্গে রাশিয়া চাকমার বিয়ে দেওয়া হয়েছে। এতে তাঁর সম্মতি ছিল না বলে দাবি করেছেন বাবা। অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে এবং নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিবারে উদ্বেগ তৈরি হয়েছে।
জ্ঞান কৃত্তি চাকমার অভিযোগ, ইউপিডিএফ সন্ত্রাসী ও কথিত ব্লগার হিসেবে পরিচিত মিলন চাকমা, যিনি ‘মিলন দা ডায়েরি’ নামে পরিচিত, এবং কমল বিকাশ চাকমা এ ঘটনার সঙ্গে জড়িত। তাঁদের ভূমিকা ও আঞ্চলিক রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে মেয়েকে নিয়ে গিয়ে বিয়ের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে জ্ঞান কৃত্তি চাকমা বলেন, তাঁর মেয়ের বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। পরিবারের অসম্মতি উপেক্ষা করে মেয়েকে বিয়ে দেওয়ায় তিনি ক্ষুব্ধ ও অসহায় বোধ করছেন। মেয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার পাওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন।
বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী মেয়েকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হয়। আইনটিতে নির্দিষ্ট শর্তে বিশেষ বিধান থাকলেও তা প্রয়োগের জন্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
এদিকে, রাশিয়া চাকমার নিখোঁজ হওয়া, বিয়ের পরিস্থিতি এবং অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিবারের পক্ষ থেকে কিশোরীকে নিরাপদে ফিরিয়ে আনা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।