জলবায়ু পরিবর্তনে শিশুদের ঝুঁকি, উখিয়ায় তরুণ গবেষকদের তথ্য প্রকাশ
![]()
জার্নাল প্রতিবেদক
জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবারের আয়-রোজগার কমে যাওয়ার পাশাপাশি শিশুদের নিরাপত্তাও ঝুঁকিতে পড়ছে। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, তীব্র বজ্রপাত ও বন উজাড়ের মতো পরিবেশগত সমস্যার প্রভাব তুলে ধরে নতুন গবেষণা প্রকাশ করেছেন কক্সবাজারের উখিয়ার তরুণ গবেষকেরা। গবেষণায় স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা শরণার্থী উভয় জনগোষ্ঠীর পরিস্থিতি উঠে এসেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উখিয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক গবেষণা প্রকাশনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়।
পালংখালী ইউনিয়ন ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত এ গবেষণায় তরুণেরা নিজেরাই তথ্য সংগ্রহ করেন এবং অনুষ্ঠানে তা উপস্থাপন করেন।
তাদের গবেষণায় দেখা গেছে, পরিবেশগত নানা সমস্যার কারণে পরিবারগুলোর আয়-রোজগার কমে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে শিশুদের ওপর। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি শিশুদের নিরাপত্তা ও সুরক্ষাকে কীভাবে প্রভাবিত করছে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি এবং সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার, সেভ দ্য চিলড্রেনের কক্সবাজার প্রধান গোলাম মোস্তফা, সেভ দ্য চিলড্রেন ডেনমার্কের জ্যেষ্ঠ জলবায়ুবিষয়ক উপদেষ্টা ক্যারোলিন এবং স্থানীয় গবেষণা সংস্থা জিপিএটির প্রতিনিধিরা।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, ‘জলবায়ু পরিবর্তনের গবেষণা সবার জন্য সহজ ও বোধগম্য হওয়া উচিত, কারণ এর ক্ষতিকর প্রভাব আমাদের সবার ওপর পড়ে। স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষ, নারী ও পুরুষ—সবাইকে একসঙ্গে কাজ করে এই গবেষণার তথ্যগুলোকে বাস্তবে কাজে লাগাতে হবে।’
সেভ দ্য চিলড্রেন ডেনমার্কের জ্যেষ্ঠ জলবায়ুবিষয়ক উপদেষ্টা ক্যারোলিন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতি শুধু গাছপালা বা ঘরবাড়ির ওপর পড়ে না। এই গবেষণা দেখিয়ে দিয়েছে, পরিবেশগত বিপর্যয় শিশুদের নিরাপত্তার ওপর কতটা গভীর নেতিবাচক প্রভাব ফেলে। শিশুদের দীর্ঘমেয়াদে সুরক্ষিত রাখতে এই বিষয়গুলো বোঝা খুবই জরুরি।’
কক্সবাজারের স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা শরণার্থী উভয় জনগোষ্ঠীর পরিবেশ রক্ষা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।