টেকনাফে সাগরে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ হোসেন (৪৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে একই নৌকায় থাকা আরো পাঁচ জেলে আহত হয়েছেন। তারা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
সোমবার মধ্যরাত ১টার দিকে ঘটনাটি ঘটে। মঙ্গলবার (৩ নভেম্বর) টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নওশাদ আলম কানন এ তথ্য জানান।
নিহত হোসেন টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকায় বসবাস করছিলেন।
আহত জেলেরা হলেন- আবুল কালাম (৩২), আবুল কাশেম (২৬), মো. ওসমান (২৪), শফি আলম (২৩) ও হামিদুল হক (২৭)। তারা সবাই উত্তর লম্বরী এলাকার বাসিন্দা।
নৌকার মাঝি হামিদুল হক বলেন, সোমবার দুপুরে তারা মাছ ধরতে সমুদ্রে যান। রাত ১টার দিকে সাগরে জাল ফেলার পর মাছ ধরার অপেক্ষায় ছিলেন তারা। এ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে তিনিসহ নৌকায় থাকা বাকি জেলেরা আহত হন।
নৌকার মালিক আবদুল আমিন জানান, সাগরে মাছ ধরার সময় বজ্রপাতে একজন মারা গেছেন। তবে অন্য পাঁচজন সরাসরি বজ্রপাতের কবলে পড়েননি, ভয়ে ছোটাছুটি করার সময় আহত হন তারা।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নওশাদ আলম কানন জানান, সাগরে বজ্রপাতে আহত অবস্থায় এক জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। অন্য পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।