ভারতের পূর্বাঞ্চলে অস্ত্র উৎপাদন কেন্দ্র গড়তে আসামে প্রতিরক্ষা পার্ক, বরাদ্দ ১৯৮৪ একর জমি

ভারতের পূর্বাঞ্চলে অস্ত্র উৎপাদন কেন্দ্র গড়তে আসামে প্রতিরক্ষা পার্ক, বরাদ্দ ১৯৮৪ একর জমি

ভারতের পূর্বাঞ্চলে অস্ত্র উৎপাদন কেন্দ্র গড়তে আসামে প্রতিরক্ষা পার্ক, বরাদ্দ ১৯৮৪ একর জমি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের পূর্বাঞ্চলে প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নিয়েছে আসাম সরকার। এ লক্ষ্যে রাজ্যের মরিগাঁও জেলার নেল্লিতে প্রায় ১ হাজার ৯৮৪ একর জমিতে প্রথম প্রতিরক্ষা পার্ক স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের পূর্ব সীমান্তের কাছাকাছি অস্ত্র উৎপাদন ও সামরিক সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা গড়ে উঠবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত প্রতিরক্ষা পার্কের মাধ্যমে অস্ত্র উৎপাদন ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তের আরও কাছে নিয়ে আসা সম্ভব হবে। এতে সামরিক সরঞ্জাম সরবরাহের সময় কমবে, দ্রুত সরঞ্জাম পুনরায় মজুত করা যাবে এবং দক্ষ তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, “আমাদের পরিকল্পিত প্রতিরক্ষা পার্ক অস্ত্র উৎপাদনকে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তের আরও কাছে নিয়ে আসবে। এতে সরবরাহের পথ সংক্ষিপ্ত হবে, দ্রুত সামরিক সরঞ্জাম পুনরায় সরবরাহ নিশ্চিত করা যাবে এবং আমাদের তরুণদের জন্য দক্ষতাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি হবে।”

মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভা প্রস্তাবিত প্রকল্পের জন্য মরিগাঁও জেলার নেল্লিতে প্রায় ১ হাজার ৯৮৪ একর জমি বরাদ্দের অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে ভারতের প্রতিরক্ষা উৎপাদন খাতে আসামের প্রবেশের পথ তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের সঙ্গে প্রকাশিত একটি ভিডিওতে আসামের পরবর্তী লক্ষ্য হিসেবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের কথা তুলে ধরা হয়েছে। ভিডিওতে বলা হয়েছে, আসাম ‘মিসাইলের গতিতে’ এগিয়ে যাচ্ছে। সেখানে আরও বলা হয়, “আমরা ভারতের নিরাপত্তায় প্রহরীর দায়িত্ব পালন করেছি; এখন ভারতের জন্য উৎপাদন করব।”

এর আগে ২০২৪ সালে আসামে প্রতিরক্ষা করিডর স্থাপনের প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সে সময় তিনি জানিয়েছিলেন, প্রস্তাবটি বিবেচনার উন্নত পর্যায়ে রয়েছে। তবে বিষয়টি সংবেদনশীল হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সময় লাগতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি।

প্রস্তাবিত প্রতিরক্ষা পার্ক বাস্তবায়িত হলে ভারতের পূর্বাঞ্চলে আসামের কৌশলগত ও শিল্পভিত্তিক গুরুত্ব বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, সংশ্লিষ্ট শিল্পের বিকাশ এবং দক্ষ জনশক্তির কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed