টেকনাফে মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে লুকানো ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার যুবক
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবাসহ মো. রায়হান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলটির তেলের ট্যাংকির পাশে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবাগুলো পরিবহন করা হচ্ছিল।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটার মধ্যে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি-সংলগ্ন যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। এতে হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাসদস্য ও উনচিপ্রাং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অংশ নেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, চেকপোস্ট অতিক্রম করার সময় একটি ইয়ামাহা মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সেটির গতিরোধ করেন। পরে মোটরসাইকেল ও চালককে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলটির তেলের ট্যাংকির ডান পাশের নিচে কালো টেপ দিয়ে মোড়ানো এবং পুরোনো ছেঁড়া লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় মাদকদ্রব্যের সন্ধান পাওয়া যায়।
পরবর্তী সময়ে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সদস্যরা মোটরসাইকেলটি বিস্তারিত তল্লাশি করে ৪৯টি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে রাখা ৯ হাজার ৬৫৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধার করা ইয়াবার ওজন পলিব্যাগসহ ৯৭০ গ্রাম। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. রায়হান (২৩) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াবাজার সাতঘরিয়া পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. সেলিমের ছেলে।
অভিযান শেষে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলের তালিকা প্রস্তুত করা হয়। পরে গ্রেপ্তার রায়হানকে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।