সশস্ত্র তৎপরতায় অসহযোগিতা, সাজেকে ৫ পাহাড়িকে নির্যাতন ও অর্থ-মোবাইল লুট করল ইউপিডিএফ সন্ত্রাসীরা

সশস্ত্র তৎপরতায় অসহযোগিতা, সাজেকে ৫ পাহাড়িকে নির্যাতন ও অর্থ-মোবাইল লুট করল ইউপিডিএফ সন্ত্রাসীরা

সশস্ত্র তৎপরতায় অসহযোগিতা, সাজেকে ৫ পাহাড়িকে নির্যাতন ও অর্থ-মোবাইল লুট করল ইউপিডিএফ সন্ত্রাসীরা

ইউপিডিএফ সন্ত্রাসী কর্তৃক সাধারণ পাহাড়িদের নির্যাতনের নির্মম চিত্র।

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ডানে বাইবাছড়া এলাকায় পাঁচ গ্রামবাসীর বাড়িতে হামলা, শারীরিক নির্যাতন, অর্থ ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের বিরুদ্ধে। গতকাল রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ডানে বাইবাছড়াসহ আশপাশের গ্রামগুলোতে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফের ডাকা চলমান অবরোধে সমর্থন না দেওয়া এবং নিরাপত্তা বাহিনীর কাছে সংগঠনটির কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের ইচ্ছা পোষণ করায় তাঁদের ওপর এ হামলা চালানো হয়। রাতের আঁধারে ইউপিডিএফের সশস্ত্র কর্মীরা গ্রামে প্রবেশ করে পাঁচজনের বাড়িতে হামলা ও তল্লাশি চালায় এবং তাঁদের শারীরিকভাবে নির্যাতন করে। এ সময় অন্তত সাতটি ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি নিজেদের জুমচাষ থেকে উপার্জিত অন্তত ৩০ হাজার টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।

নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন—প্রভাত চাকমা (৪৮), পিতা মৃত নীল মোহন চাকমা; মনি চাকমা (৫৫), পিতা মৃত লাদুমনি চাকমা; ফেরদৌস চাকমা (২৬); সুকান্ত চাকমা (২৭), পিতা মৃত নীল মোহন চাকমা এবং অরুণ শান্তি চাকমা (৪৫), পিতা মৃত সমর সিং চাকমা।

এ ছাড়া হামলার সময় ডানে বাইবাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জিনুকা চাকমার একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। অন্য যাঁদের মোবাইল ফোন নেওয়া হয়েছে, তাঁরা হলেন অরুণ শান্তি চাকমা, রুপালী চাকমা, শিখা রানী চাকমা, সুকান্ত চাকমা, মনি চাকমা ও প্রভাত চাকমা।

ভুক্তভোগীরা জানান, ইউপিডিএফ সন্ত্রাসী বাবুধন চাকমা ও জিকো চাকমার নির্দেশে হামলা চালিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা তাঁদের কাছে জানতে চায়, গত ২২ অক্টোবর ইউপিডিএফ নিয়ন্ত্রিত গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের ডাকা অবরোধে তাঁরা কেন অংশ নেননি। একই সঙ্গে ইউপিডিএফের নেতা-কর্মীদের কর্মকাণ্ড ও অবস্থানসংক্রান্ত তথ্য কারা সেনাবাহিনীর কাছে সরবরাহ করছে, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের অভিযোগ, এসব প্রশ্নের উত্তর জানতে চাওয়ার পর কোন সদুত্তর না পাওয়ায় একপর্যায়ে সন্ত্রাসীরা বাড়িতে তল্লাশি, মারধর ও লুটপাট চালানো হয়।

রাতের আঁধারে এ ধরনের হামলা, নির্যাতন ও লুটপাটের ঘটনায় ডানে বাইবাছড়াসহ আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ইউপিডিএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed